সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. আনিসুর রহমানের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই রেজাউল করিম ঢাকার সিএমএম আদালতে এ রিমান্ডের আবেদন করেন।
মামলাটি শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১০(৩) ২০২৬। এতে সাইবার সুরক্ষা আইনের ১৭ ও ২৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক। সাইবার অপরাধী আনিসুর রহমান কেরানীগঞ্জ কারাগারে বন্দি রয়েছে।
জানা গেছে, গত ২৭ আগস্ট মো. আনিসুর রহমান ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে আনিসুর রহমান কারাগারে যাওয়ার পর তাকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ওই মামলায় আগামী ৮ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করার জন্য আদেশ দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে আনিসুর রহমান তার নিজ ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন। একইসঙ্গে আরও কয়েকটি ফেসবুক ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, আনিসুর রহমান ২০২২ সালে কিছুদিন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর ডিজিটাল বিভাগে কর্মরত ছিলেন। ওই সময় পত্রিকাটির ডিজিটাল ফেসবুক পেজ ‘pkagoj com’-এর নিয়ন্ত্রণ তার কাছে ছিল বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ওই পেজের নিয়ন্ত্রণ নিয়ে অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় আনিসুর রহমানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অপপ্রচারের সঙ্গে আরও তিনজনের সম্পৃক্ততার অভিযোগও তদন্তাধীন রয়েছে।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার, অপপ্রচার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারের অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। রিমান্ড মঞ্জুর হলে এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আপনার মতামত লিখুন :