রংপুর মেডিকেলে এক মাসের মধ্যে চালু হচ্ছে নতুন আইসিইউ বেড: ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৯ পিএম

রংপুর মেডিকেলে এক মাসের মধ্যে চালু হচ্ছে নতুন আইসিইউ বেড: ত্রাণমন্ত্রী

বেলায়েত হোসেন বাবু, রংপুর ব্যুরো: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান ও সেবার পরিধি সম্প্রসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অ্যানেসথেসিয়া সংকটের স্থায়ী সমাধান হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে মন্ত্রী উল্লেখ করেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরেই আইসিইউ বেডের ঘাটতি রয়েছে। মূলত অ্যানেসথেসিয়া সংকটের কারণেই এতদিন নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে প্রয়োজনীয় অ্যানেসথেসিয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই রোগীরা নতুন আইসিইউ বেডের সুবিধা পাবেন।

হাসপাতালের জনবল সংকট প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট বর্তমানে দেশের একটি বড় সমস্যা। তবে সরকার এই সংকট দূর করতে আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে নতুন নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও সেবার চাহিদা পূরণে তা কার্যকর ভূমিকা রাখবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার একটি অনন্য প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টা থাকলে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে আরও নতুন নতুন সেবা চালু এবং সামগ্রিক উন্নয়ন করা সম্ভব।

এর আগে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সিয়াম সরিষা
Link copied!