রায়গঞ্জে মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৭ পিএম

রায়গঞ্জে মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

রাম সরকার বিপ্লব রায়গঞ্জ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সম্প্রতি উপজেলার ষোলমাইল মাদ্রাসার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম এবং সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচির আওতায় ২৮৫ কেজি বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সরকারি জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করার ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধের পাশাপাশি জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন ও বিচরণ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। উপজেলা মৎস্য অফিসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী।

সিয়াম সরিষা
Link copied!