সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি সংস্কৃতি মন্ত্রীর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৪ পিএম

সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি সংস্কৃতি মন্ত্রীর

জসীম উদ্দীন মাগুরা: কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কোনো ধরনের কারসাজি, মজুতদারি বা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় মন্ত্রী বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কেউ কারসাজি করলে তার ঠিকানা হবে হাজতে। কৃষকের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, কৃষক যেন নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে। সার নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহে গুরুত্ব দিচ্ছে। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী অনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। এ সময় শালিখার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে শালিখায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে। এ জন্য স্থানীয়ভাবে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এতে নেতাকর্মীরা তাদের বিভিন্ন মতামত ও দাবি তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেন টুকু, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Link copied!