রাসেদুল ইসলাম, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। শনিবার নড়াইলের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি নূর মোহাম্মদ নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জ্যেষ্ঠ পুত্র মোস্তফা কামাল।
এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাংলাদেশের গৌরব। মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ ও অসীম সাহস জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর বীরত্বগাথা নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সাহসের শিক্ষা দিয়ে যাবে।

আপনার মতামত লিখুন :