ঘিওরে প্রগতিশীল যুব সমাজের উদ্যোগে নৌ-ভ্রমণ ও আনন্দ উৎসব

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৮ পিএম

ঘিওরে প্রগতিশীল যুব সমাজের উদ্যোগে নৌ-ভ্রমণ ও আনন্দ উৎসব

মোঃ হানিফ মোল্লা, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে প্রগতিশীল যুব সমাজের উদ্যোগে একটি নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বানিয়াজুরী ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে আরিচা থেকে পদ্মা ও যমুনা নদী হয়ে যমুনা বাজারের একটি নির্জন চরে এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং লালনগীতি পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকা মোয়াজ্জেম হোসেন সিমু ও মো. মিরন মিয়া বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে তারা সর্বদা প্রস্তুত। বানিয়াজুরী ইউনিয়নবাসীর সেবায় সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ভ্রমণ উদযাপন কমিটির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন তপু আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করে সকলের দোয়া চেয়েছেন।

এদিকে, ঘিওর উপজেলার ৬ নম্বর বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিরন মিয়া জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনী এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙিয়ে তিনি নিজের প্রচার চালাচ্ছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা মো. মিরন মিয়াকে নিয়ে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিরন মিয়া বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। উন্নয়ন, স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। আসন্ন নির্বাচনে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Link copied!