বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৫ সেপ্টেম্বর ) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও ঢাকা পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম সাগরের সার্বিক সহযোগিতায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় নগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। আমরুল ইউনিয়নের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় এ ফলাফলে নগর বালিকা উচ্চ বিদ্যালয় এগিয়ে রয়েছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম সাগর। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য ধরে রাখার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “সকল প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। অর্জিত এই সাফল্য ধরে রাখতে হবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ফরিদ আহমেদ, নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আমরুল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মশিউর রহমান বাবু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শাজাহানপুর উপজেলার সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ ও আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রশীদ হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন—সুমাইয়া আক্তার, নুসরাত জাহান বুশরা, মোহনা আক্তার মৌ, ফারহা সরকার তিথী, নওশীন রহমান মোনালিসা, বাধন আক্তার, আনিকা তাবাসসুম, আতিয়া রহমান আখি, ইয়াছমিন আক্তার ও ছবি আক্তার।

আপনার মতামত লিখুন :