নওগাঁয় এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৪ পিএম

নওগাঁয় এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন

ফাইল ফটো

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব ফর নওগাঁ ডিস্ট্রিক্ট পুলিশ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। প্রধান আলোচক ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং সাইবার অপরাধ মোকাবিলায় জেলা পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই ল্যাব স্থাপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধের ধরন ও গতিবিধি বিশ্লেষণ, ডিজিটাল প্রমাণ সংগ্রহ এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই-বাছাইয়ে ল্যাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুধী সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জরুরি। এআই ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব। নওগাঁ জেলা পুলিশের এই উদ্যোগের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতা, স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

সিয়াম সরিষা
Link copied!