সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩১ পিএম

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

ফাইল ফটো

ওয়াসিফ আল আবরার, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের বিরুদ্ধে জ্বলন্ত সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাদকবিরোধী অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে প্রক্টরিয়াল বডি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে প্রক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশ, কেন্দ্রীয় ক্রিকেট মাঠের কোণ, পেয়ারা বাগান, ছাত্রীহল এলাকা এবং ইবি লেকে তল্লাশি চালানো হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একজন প্রক্টর যখন প্রকাশ্যে সিগারেট হাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন, তখন তা শিক্ষার্থীদের জন্য নেতিবাচক বার্তা দেয়। মাদকবিরোধী অভিযানে থাকা ব্যক্তির হাতে মাদকজাতীয় দ্রব্য থাকাটা অযৌক্তিক। শিক্ষকদের প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত।

অভিযানের প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রক্টরের নির্দেশে এই অভিযান চালানো হয়। অভিযানে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থানরত চার-পাঁচটি প্রেমিক জুটিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রক্টর তাদের হুঁশিয়ারি দিয়েছেন।

অভিযানের বিষয়ে মন্তব্য জানতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Link copied!