চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

ইয়াছিন ইসলাম হৃদয়, চন্দনাইশ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের শাহসুফি মাজার গেইট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী 'তিশা প্লাটিনাম' পরিবহনের একটি এসি বাসের (ঢাকা মেট্রো ব-১২-৪৯৫৭) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের বাসিন্দা ও বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগরের বাসিন্দা আব্দুল গফুর (৬০)।
আহতরা হলেন সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরপাড়ার বাসিন্দা ও বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাসিন্দা মো. আরিফ ইসলাম (৪০) এবং সিএনজি অটোরিকশাচালক চন্দনাইশের দক্ষিণ হারলার বাসিন্দা মো. সায়মন হোসেন খায়ের (২০)।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এটিএম মনিরুল কবির জানান, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু নিশ্চিত করা হয় এবং গুরুতর আহত বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চমেক হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুর মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সাত্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালক সোলাইমান বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Link copied!