চট্টগ্রামে পানি সরবরাহে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ এএম

চট্টগ্রামে পানি সরবরাহে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই

ফাইল ফটো

চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন এবং ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তরিকুল ইসলাম এবং ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিন বছর মেয়াদি এই সমঝোতার আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে একটি উদ্ভাবনী সরকারি-বেসরকারি পানি সরবরাহ মডেল বাস্তবায়ন করা হবে। বর্তমানে এসব এলাকায় ওয়াসার সরবরাহ মোট চাহিদার মাত্র ২০ থেকে ৩০ শতাংশ পূরণ করছে। প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে নগরীর অন্যান্য এলাকাতেও এ মডেল সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জনগণের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে ক্রমবর্ধমান নগরায়ণের প্রেক্ষাপটে এ দায়িত্ব পালনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অংশীদারত্ব জনসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

নিজ নির্বাচনী এলাকার দুটি ওয়ার্ডে পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ উদ্যোগ দেশের পানি সরবরাহ ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে নেদারল্যান্ডস দূতাবাস আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। তবে তারা সমঝোতা স্মারকের স্বাক্ষরকারী পক্ষ নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান জানা ভ্যান ডার লিন্ডেন এবং স্থানীয় জনগণের প্রতিনিধি ইসরাফিল খসরু। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!