সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী

মোঃ হোসাইন ইসলাম , নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম

সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী

আজ ৬ সেপ্টেম্বর উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে ভারতের মাইহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ববরেণ্য এই সংগীত সাধক। সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ১৮৬২ সালের ৮ অক্টোবর তৎকালীন ত্রিপুরা জেলার বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাবদর হোসেন খাঁ ওরফে সদু খাঁ এবং মাতা সুন্দরী বেগম। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর স্ত্রী মদনী বিবির ঘরে এক পুত্র আলী আকবর খাঁ এবং দুই কন্যা সরিজা ও রৌশন আরা, যিনি পরবর্তীতে অন্নপূর্ণা নামে পরিচিত হন।

শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর ছিল গভীর আকর্ষণ। পাঠশালার চার দেয়ালের বাঁধন তাঁর কাছে অসহ্য মনে হতো। মাত্র আট বছর বয়সে সংগীত সাধনার উদ্দেশ্যে গভীর রাতে বাড়ি ছেড়ে কলকাতার উদ্দেশে পাড়ি জমান। সেখানে ‘মনমোহন দেব’ নাম ধারণ করে ওস্তাদ নুলো বাবুর কাছে যন্ত্রসংগীতের তালিম শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরের কঠোর সাধনা ও বিভিন্ন গুরুর কাছে সংগীত শিক্ষা গ্রহণের পর তিনি উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগীতজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত হন। ওস্তাদ ওয়াজির খাঁর কাছে বীণা শিক্ষার মাধ্যমে তাঁর দীর্ঘ সংগীত শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে।

আলাউদ্দিন খাঁ রাগসংগীতকে রাজদরবারের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন সর্ববাদ্যযন্ত্র বিশারদ এবং মাইহার ঘরানার অন্যতম প্রধান স্রষ্টা। তাঁর সৃষ্ট উল্লেখযোগ্য রাগের মধ্যে রয়েছে মদিনা মঞ্জুরী, শোভাবতী, ধবলশ্রী, ভুবনেশ্বর, দুর্গেশ্বরী, হেমন্ত, উমাবতী, প্রভাবতী, হেম বেহাগ ও নাগার্জুন।

১৯৩৬ সালে বিশ্বভ্রমণের সময় লন্ডনসহ বিভিন্ন দেশে তাঁর সংগীত পরিবেশনা ব্যাপক প্রশংসা অর্জন করে। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দেশীকোত্তম, ডক্টরেট ও ফেলোশিপসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন। তিনি ভারতের কেন্দ্রীয় শিক্ষা কমিশনেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। নিজ জন্মভূমি শিবপুরের প্রতি তাঁর ছিল গভীর টান। মায়ের ইচ্ছায় তিনি শিবপুরে পুকুর খনন এবং পাকা মসজিদ নির্মাণ করেন। ১৯৫৪ সালে জীবনের শেষবারের মতো তিনি নিজ জন্মস্থান শিবপুরে এসেছিলেন।

১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে ১০৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিশ্বসংগীতের এই কিংবদন্তি। তাঁর মৃত্যুবার্ষিকীতে সংগীতাঙ্গনের এই মহান সাধকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষসহ দেশ-বিদেশের সংগীতপ্রেমীরা।

Link copied!