কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৪ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০২ পিএম

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৪ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার

মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় একযোগে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ সর্বমোট ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে রোববার কুমিল্লা জেলার সব থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে ৪৫টি বিশেষ অভিযান চালায় পুলিশ।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৪২ কেজি গাঁজা ও ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সর্বমোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয়, সরবরাহ ও সেবন প্রতিরোধে জেলার বিভিন্ন থানা এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধ করে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করা তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তি এবং সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রমও আরও জোরদার করা হবে।

একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলার সর্বস্তরের জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Link copied!