মুসাবিদা ফি বৃদ্ধির দাবিতে গৌরীপুরে দলিল লেখকদের কর্মবিরতি

মতিউর রহমান খান , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম

মুসাবিদা ফি বৃদ্ধির দাবিতে গৌরীপুরে দলিল লেখকদের কর্মবিরতি

মুসাবিদা ফি বৃদ্ধির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির গৌরীপুর উপজেলা শাখার সদস্যরা। সোমবার এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক মো. আতাউর রহমান সোহেল বলেন, বর্তমান সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম দলিলের প্রতি পৃষ্ঠা ১৫ টাকা মুসাবিদা ফি নির্ধারণের কথা জানিয়েছেন। সে হিসাবে ১০ পৃষ্ঠার একটি দলিলের মুসাবিদা ফি হয় মাত্র ১৫০ টাকা। এই অর্থ দিয়ে একজন দিনমজুরের দৈনিক মজুরিও হয় না বলে তিনি দাবি করেন।

সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম হাচি-বেশ শাহীদ মুন্সী বলেন, ব্রিটিশ আমলে নির্ধারিত ফি দিয়ে বর্তমান সময়ে দলিলের মুসাবিদা করা সম্ভব নয়। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি দলিলের মুসাবিদা ফি কমপক্ষে ৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তিনি। কর্মবিরতি কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আশিকুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. গোলাম হাচি-বেশ শাহীদ মুন্সী।

এ সময় বক্তব্য দেন সিনিয়র দলিল লেখক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আতাউর রহমান সোহেল, দলিল লেখক মো. এনামুল হক, মো. শাহজাহান কাদের, মো. শহিদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. জুয়েল, শাহীন আহাম্মেদ, মো. আবুল খায়ের লিটন, মো. মতিউর রহমান মন্ডল ও মো. আজহারুল ইসলামসহ অনেকে। এ বিষয়ে বক্তব্য জানতে গৌরীপুর সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

সিয়াম সরিষা
Link copied!