ছবি: প্রতিদিনের কাগজ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাহিত্য বিষয়ক সংগঠন বুটেক্স সাহিত্য সংসদ ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হয়েছেন ৪৬তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌরভ চৌহান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের অর্পণ সাহা।
কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু রাফসান করিম ও মুহিব ইবনে নূর। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মালিহা উর্বী ও মিরাজ শোভন। থিয়েটার ইউনিটের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহনাফ ফেরদৌস অপূর্ব, যিনি টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী। লাইব্রেরি ইউনিটের পরিচালকের দায়িত্ব পালন করবেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তীর্থ দাশ।
ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাজিদ এলাহি। ২০১৭ সালে প্রতিষ্ঠিত বুটেক্স সাহিত্য সংসদ বিশ্ববিদ্যালয়ের প্রথম সাহিত্য, নাটক ও সংস্কৃতি বিষয়ক সংগঠন। শুরু থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ, সাহিত্যচর্চার প্রসার এবং বাঙালি শিল্প ও সংস্কৃতির সংরক্ষণে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকেই এটি বিভিন্ন উল্লেখযোগ্য কর্মসূচির আয়োজন করেছে, যার মধ্যে অন্যতম হুমায়ূন উৎসব, বুটেক্স লিট ফেস্ট এবং নিয়মিত সাহিত্য আড্ডা।
সংগঠনের থিয়েটার ইউনিট বিভিন্ন সময় মঞ্চনাটক ও পথনাটক মঞ্চস্থ করে বিশেষ সুনাম অর্জন করেছে। তাদের প্রযোজিত নাটক “অনাহূত” ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যমঞ্চে মঞ্চায়িত হওয়ার পাশাপাশি বুটেক্স লিট ফেস্ট ২০২২ ও ২০২৫-এ বুটেক্স অডিটোরিয়ামে প্রদর্শিত হয়।
এছাড়া, সংগঠনটি শতাধিক বই নিয়ে একটি গ্রন্থাগার পরিচালনা করছে এবং নিয়মিতভাবে “চৈতন্য লিপি” নামে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করে। এটি শিক্ষার্থীদের জন্য তাদের সাহিত্যচর্চার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে তারা নিজেদের লেখা প্রকাশের সুযোগ পান।
আপনার মতামত লিখুন :