দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সাম্প্রতিক এক সরকারি প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুন এই ১০ মাসে দেশে সংঘটিত হয়েছে।
৩ হাজার ৫৫৪টি খুন, ১২ হাজার ৭২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা এবং ৩৮ হাজার ১৭৬টি মাদকদ্রব্য-সম্পর্কিত মামলা। এ সময়ের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪ হাজার ১০৫টি, অপহরণ ৮১৯টি, আর দাঙ্গার সংখ্যা ৯৭টি।
এছাড়া, একই সময়ে চোরাচালান ঘটেছে ১ হাজার ৭৩০টি, দস্যুতা ১ হাজার ৫২৬টি, ডাকাতি ৬১০টি এবং চুরির ঘটনা রেকর্ড হয়েছে ৭ হাজার ৩১০টি। এসব অপরাধে মোট মামলা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯৫৫টি। এর মধ্যে ৮৯৮টি মামলা হয়েছে দ্রুত বিচার আইনে।
পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, অপরাধের এই পরিসংখ্যান সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, “গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে।” তবে, বাস্তব চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, গুরুতর অপরাধের সংখ্যা একদিকে বিপজ্জনকভাবে উচ্চ, অন্যদিকে কিছু ক্ষেত্রে বাড়তির দিকেও।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন, এই ৬ মাসেই খুন হয়েছে ১ হাজার ৯৩৩টি, ধর্ষণের ঘটনা ঘটেছে ২ হাজার ৭৪৪টি, অপহরণ ৫১৭টি এবং ডাকাতির ঘটনা ৩৬৭টি। তুলনামূলকভাবে, এর আগে ২০২৪ সালে (জানুয়ারি–ডিসেম্বর) সারা বছরে খুন হয়েছিল ৪ হাজার ১১৪টি, ধর্ষণ ৪ হাজার ৩৯৪টি, অপহরণ ৬৪২টি এবং ডাকাতি হয়েছিল ৪৯০টি।
অর্থাৎ, চলতি বছরের প্রথমার্ধেই গত বছরের বার্ষিক অপরাধের অর্ধেক বা তারও বেশি ঘটেছে, যা জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। যদিও সরকারিভাবে দাবি করা হচ্ছে, “অপরাধের হার উল্লেখযোগ্য হারে বাড়েনি,” তবে পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, খুন ও মাদক সংক্রান্ত অপরাধে এক ধরনের ধারাবাহিক উচ্চ প্রবণতা বজায় রয়েছে।
প্রেস উইং এক বিবৃতিতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছে, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখার সময় এসেছে। পরিসংখ্যান বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
তবে বাস্তবতা বলছে, এ ধরনের সহিংসতা, নিপীড়ন ও মাদক বিস্তারে সামাজিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা দীর্ঘস্থায়ী হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, তথ্য প্রকাশ করে দায় শেষ করার চেয়ে জরুরি এখন কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিচারপ্রক্রিয়ার গতি বৃদ্ধি এবং প্রতিরোধমূলক উদ্যোগ। না হলে সংখ্যার ভারে এই অপরাধ-চিত্র সমাজকে ধ্বংসের দিকেই এগিয়ে নিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :