হাতিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা অবহেলা: সহকারী শিক্ষা অফিসারকে কারণ দর্শানোর নোটিশ

মামুন রাফী , নোয়াখালী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩ পিএম

নোয়াখালী জেলার হাতিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে এ সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা নোটিশে বলা হয়েছে, দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্পষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছিল। কিন্তু সহকারী শিক্ষা অফিসার মাহবুবুর রহমানের ক্ষেত্রে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে।

এ অবস্থায় কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো না হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পূজা উদযাপন পরিষদের একজন সদস্য বলেন, প্রশাসনের তৎপরতায় এবারের দুর্গাপূজায় আমরা অনেকটা আশ্বস্ত। তবে যারা দায়িত্বে থেকে অবহেলা করেছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে আগামীতে সবার মধ্যে দায়িত্ববোধ আরও বাড়বে।

এই বিষয়ে সহকারী শিক্ষা অফিসার মাহবুবুর রহমানের কথা বলতে চাইলে তিনি কল রিসিভ করেন নি তাই তার মতামত নেওয়া হয়নি। 

এই বিষয়ে হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার বলেন, আমরা পূজা মণ্ডপে প্রশাসনের সব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করেছি। সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সেটি খতিয়ে দেখা হবে।

এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন বলেন, শারদীয় দুর্গাপূজা একটি বড় উৎসব। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন—এটি নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Advertisement

Link copied!