নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫, ০৯:২০ পিএম

তোফায়েল আহমেদ, দেবিদ্বার: আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিশ্চিত করতে প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছে ছুটে চলছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। নিজ এলাকায় ঘরে ঘরে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের মন জয় করতেই তাঁর এই নিরলস প্রচেষ্টা।

দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। স্থানীয় মানুষদের দুঃখ-কষ্ট, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নারীদের সমস্যা, যুবকদের কর্মসংস্থান ও শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং রাস্তা-ঘাটসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “রাজনীতি মানে মানুষের কল্যাণ। মানুষের ভালোবাসাই আমার শক্তি। তাদের সুখী-সমৃদ্ধ জীবনের জন্য আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই। নোংরা রাজনীতি ও সহিংসতার কোনো স্থান আমার চিন্তায় নেই। সবাই মিলেই উন্নয়ন ও শান্তির পথ তৈরি করতে হবে।”

প্রতিটি জনসমাবেশে তিনি উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের সমস্যা সরাসরি শোনেন এবং তা সমাধানের উদ্যোগের আশ্বাস দেন। তাঁর এই ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন স্থানীয় রাজনীতিতে নতুন দৃষ্টান্ত বলেই মনে করছেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য—হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তারা নতুন আশা দেখতে পাচ্ছেন। এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর প্রতিশ্রুতি নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে বলে মনে করছেন তারা।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—সাইফুল ইসলাম (শামিম), যুগ্ম সমন্বয়কারী, এনসিপি দেবিদ্বার উপজেলা; তসলিম ইসলাম বাবু, বশির আহমেদ, জয়নাল হোসেন, নাহিদুল ইসলাম, ছাত্রশক্তির প্রতিনিধি রাকিবুল হাসান (হৃদয়), যুবশক্তির রাফসান, ইসমাইল হোসেন, মোশাররফসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

ভানী ইউনিয়নের প্রতিটি গ্রাম ঘুরে মানুষের মতামত নিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী মাঠে এই ধারাবাহিক সক্রিয়তা বজায় রেখে জনগণের আস্থা অর্জনে তিনি আত্মবিশ্বাসী।

Link copied!