বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ১৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়।
শুক্রবার (১৫ মে) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে বুয়েটের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
অধ্যাপক ড. একরামুল হক দেশের প্রকৌশল শিক্ষা ও গবেষণা অঙ্গনে এক সুপরিচিত নাম। তার শিক্ষাজীবন ও কর্মজীবনের উল্লেখযোগ্য দিকগুলো হলো ১৯৮১ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি (মেধাতালিকায় ১৭তম) এবং ১৯৮৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি (মেধাতালিকায় ৫ম) সম্পন্ন করেন। ১৯৮৯ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেন। ১৯৯৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৮৯ সালে বুয়েটে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে অধ্যাপক এবং ২০১৭ সালে গ্রেড-১ অধ্যাপক পদে পদোন্নতি পান।
আন্তর্জাতিক জার্নালে তার ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
উপাচার্য হওয়ার আগে তিনি বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি)-এর পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের বাসিন্দা এবং মরহুম অ্যাডভোকেট ফজলুল হক মোল্লার সুযোগ্য সন্তান।
সংশ্লিষ্টরা আশা করছেন, ড. একরামুল হকের দূরদর্শী নেতৃত্বে বুয়েট আন্তর্জাতিক মানদণ্ডে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে আরও এক ধাপ এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :