মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলের হাতে বাবা খুন

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ১২:৪৪ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছেলের মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বাবার সাথে কথা কাটাকাটির জেরে ছেলের কিল-ঘুষি ও লাথিতে বৃদ্ধ পিতা আবু আহম্মদ ডিলারের (৭০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলন (৪০) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত বৃদ্ধ আবু আহম্মেদ ডিলার একই এলাকার বিশ্বটিলা ডিলার বাড়ির মৃত নুরুল ইসলামের সন্তান।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিনিয়ত মাদক নিয়ে বাবার সাথে ছেলের বাকবিতন্ডা হতো, গতকালও বাবার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে কিল-ঘুষি ও তলপেটে লাথি মেরে বসে অভিযুক্ত ছেলে মিলন, প্রচন্ড আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধ বাবা আবু আহম্মদের। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে আজ শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তে জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরন করি এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তলপেটে লাথির ফলে প্রচন্ড ব্যথায় বৃদ্ধের মৃত্যু হতে পারে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!