সীতাকুণ্ডে অবৈধ চালের গুদামে র‍্যাবের হানা, ৫৭৮ টন চাল জব্দ আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাব-৭ এর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ মজুদকৃত সরকারি চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ করা হয় এবং এই চক্রের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

র‍্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড থানাধীন কদম রসুলপুর এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী লাইসেন্স ব্যতীত সরকারি চাল অবৈধভাবে মজুদ করে আসছিল। শুধু তাই নয়, তারা সরকারি বস্তা পরিবর্তন করে ভিন্ন মোড়কে এসব চাল বাজারে চড়া দামে বাজারজাত করছিল। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে) বেলা  সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সরকারি চালের অবৈধ মজুদের প্রমাণ পাওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় উল্লিখিত পরিমাণ চাল জব্দ করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আব্দুল আজিজ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বামুন সুন্দর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সরকারি চাল নিয়ে কোনো ধরনের কারসাজি সহ্য করা হবে না। নিরাপদ খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের সহায়তায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জব্দকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এবং বাজার দর নিয়ন্ত্রণে র‍্যাবের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

 

 

Link copied!