ভাঙ্গায় পালিত হলো চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬৮তম জন্মদিন

মোঃ জাকির হোসেন মুন্সি , ভাংগা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৪ পিএম

ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে। তারেক মাসুদ ফাউন্ডেশনের আয়োজনে ভাঙ্গা পৌরসভার নুরপুরে তারেক মাসুদের গ্রামের বাড়িতে শনিবার বেলা ১১টার দিকে তাঁর সমাধিস্থলে তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক মাসুদ ফাউন্ডেশনের সেক্রেটারি সাঈদ মাসুদ, অধ্যাপক হেদায়েত হোসেন, রাজনীতিবিদ সুভাষ মন্ডল, আবু বক্কর মিয়া, লিয়াকত হোসেন, প্রভাস কুমার মালো, আবুল কালাম ও সোহাগ মিয়া প্রমুখ। এর আগে তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, "মৃত্যুর পূর্বে তারেক মাসুদের নামে একটি জাদুঘর তাঁর জন্মভূমি ভাঙ্গায় দেখে যেতে চাই। যেখানে তারেক মাসুদের ব্যবহৃত সকল সামগ্রী রাখা হবে। ঢাকার একটি বাসায় এগুলো সংরক্ষিত রয়েছে। জাদুঘর নির্মিত হলে স্মৃতিচিহ্নগুলো এ দেশের মানুষ দেখতে পারবে। এছাড়া তারেক মাসুদের স্মৃতি রক্ষার্থে তাঁর নামে ভাঙ্গার একটি সড়কের নামকরণের দাবি জানাই।"

এ সময় বক্তারা বলেন, তারেক মাসুদ ভাঙ্গা তথা ফরিদপুরের গর্ব। তিনি তাঁর চলচ্চিত্রে মহান মুক্তিযুদ্ধসহ গ্রামীণ বাংলাদেশকে তুলে ধরেছেন। মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, রানওয়েসহ অসংখ্য কালজয়ী সৃষ্টি তাঁর হয়েছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিস্থল ঘিরে একটি জাদুঘর নির্মাণ করা জরুরি। এছাড়া ভাঙ্গার একটি সড়ক তারেক মাসুদের নামে নামকরণ করার জন্য তাঁরা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ই জুন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নুরপুরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১১ সালের ১৩ই আগস্ট মানিকগঞ্জে একটি সিনেমার লোকেশন ঠিক করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

Link copied!