ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার বিদ্যুৎ ভবনের সামনে ইতালির প্রবাসী দুলাভাই ও শ্যালককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মন্নু শেখের ছেলে মেহেদী হাছান (২৫), যিনি ইতালি প্রবাসী। অপর আহত শ্যালক শামিম মাতুব্বর (২৫) একই গ্রামের হারেছ মাতুব্বরের ছেলে।
মহাসড়কের ওপর মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে পাশেই ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
ভোরের আলো ফোটার পর স্থানীয়রা হোন্ডার আরোহী শ্যালক ও দুলাভাইকে রাস্তার পাশের নির্জন এলাকা থেকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর একজনের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।
আহত ইতালি প্রবাসী মেহেদী হাছান জানান, সকালে টেকেরহাট বন্ধুর বাসা থেকে নিজের মোটরসাইকেল যোগে ভাঙ্গা বাসস্ট্যান্ডে আসেন। সেখানে সকালের নাস্তা সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে অস্ত্রধারীরা তাদের প্রতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। জীবন বাঁচাতে তারা দুজনই সড়কের পাশে গাছের ভেতর ঢুকে যান। দুর্বৃত্তরা তাদের অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তাদের সামনে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে তারা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা এবং স্থানীয়দের সাহায্যে হাসপাতালে ভর্তি হন।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আবু জাফর বলেন, ভোর আনুমানিক সাড়ে ৫টার সময় দুর্বৃত্তরা মহাসড়কের ওপর এবং ভাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল আরোহীদের ওপর আক্রমণ করে। ওই মোটরসাইকেলে দুজন আরোহী ছিলেন। তাদের মারধর করেছে এবং তাদের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, তারা পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে এসেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :