মিয়ানমারগামী সিমেন্টের বড় একটি চালানসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে অপারেশন ‘সমুদ্র প্রহরা’-এ নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সৈয়দ নজরুল সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোট থামিয়ে তল্লাশি করা হলে শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় বোটটি এবং পাচারকাজে জড়িত ১১ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরাচালানচক্রের সদস্য। জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সমুদ্রপথে সকল ধরনের চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের অর্থনীতি, শুল্করাজস্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে সমুদ্রপথে সিমেন্ট, চাল, পেঁয়াজসহ বিভিন্ন ভোক্তা সামগ্রী চোরাচালান হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে কোস্ট গার্ড টহল বৃদ্ধি করায় চোরাচালানকারীরা একাধিকবার বড় চালানসহ আটক হচ্ছে।
আপনার মতামত লিখুন :