কক্সবাজারের উখিয়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হামলার পর এবার হত্যার হুমকি দিচ্ছে দুষ্কৃতকারীরা। উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় মাদকের সংবাদ প্রকাশের কারণে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী আজিজুল হক ভুট্টোর নেতৃত্বে একদল দুর্বৃত্ত গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাগলির বিল এলাকায় জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আতিকুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর, মোবাইল ও নগদ টাকা লুট করে। তার বৃদ্ধ মাকেও শারীরিকভাবে নির্যাতন করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি উখিয়া থানায় মামলা রুজু করেন আক্রান্ত সাংবাদিক। এতে আরও ক্ষিপ্ত হয়ে এলাকায় প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছেন মামলার আসামি অভিযুক্ত ভুট্টো, আকাশ, মহিউদ্দিন, সোহেলসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।
সাংবাদিক আতিকুর রহমান জানিয়েছেন, মামলার পর থেকেই অভিযুক্ত মাদককারবারি সিন্ডিকেটের সদস্যরা একের পর এক ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছেন। হুমকির মুখে পরিবারসহ মামলার সাক্ষীরা পর্যন্ত আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না। তাই জীবনের নিরাপত্তার স্বার্থে আসামিদের বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি উখিয়া থানায় একটি জিডি দায়ের করেছেন।
আসামিদের হুমকিতে নিরাপত্তাহীন রয়েছেন মামলার সাক্ষীরাও। সাক্ষীরা জানিয়েছেন, তাদের ঘরে গিয়ে হুমকি দিচ্ছেন ভুট্টো গং।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ জানান, হত্যার হুমকির বিষয়ে তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার মূল হোতা আজিজুল হক ভুট্টো ইতোপূর্বে নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকসহ র্যাবের অভিযানে হাতেনাতে আটক হন। সে মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িসহ বিভিন্ন পয়েন্ট থেকে ইয়াবার চালান এনে ঘরে মজুদ করে বলে অভিযোগ রয়েছে। এরপর সময় সুযোগ বুঝে এসব ইয়াবার চালান ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে।
আপনার মতামত লিখুন :