চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে নগরীর ১৬টি থানা এলাকায় একযোগে বিশেষ প্রিভেন্টিভ (প্রতিরোধমূলক) অভিযান পরিচালিত হয়েছে। সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং এবং মাদক নির্মূলের লক্ষ্যে গত রাতে এই ব্লক রেইড পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় আকবর শাহ থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে। উপ-পুলিশ কমিশনার (পশ্চিম জোন) আলমগীর হোসেনের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন লাভু, ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার খাইরুল বশর এবং আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান। এছাড়াও পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমরসহ থানা পুলিশ ও পুলিশ লাইন্সের আরও ৪০ জন সদস্য অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।
গতকাল রাত ১২টা থেকে শুরু হয়ে ভোর ৩টা পর্যন্ত চলা এই অভিযানে আকবর শাহ থানার আওতাধীন শাপলা আবাসিক এলাকা, মিরপুর আবাসিক এবং জঙ্গল সলিমপুরের অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালানো হয়। মূলত চুরি, ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত অপরাধীদের অবস্থান নিশ্চিত করতে তাদের ঘরবাড়িতে এই বিশেষ তল্লাশি চালানো হয়।
অভিযান প্রসঙ্গে ডিসি (পশ্চিম জোন) আলমগীর হোসেন জানান, অপরাধীদের নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের প্রিভেন্টিভ অভিযান নিয়মিত চলবে। তিনি আরও উল্লেখ করেন যে, যদিও গতকালের তাৎক্ষণিক অভিযানে বড় কোনো উদ্ধার বা গ্রেফতার নেই, তবে এর আগে সফল অভিযানে সন্ত্রাসী তারেক গ্যাং এবং তাদের আশ্রয়দাতা এরশাদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই এলাকায় যাতে নতুন করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিতে না পারে, সেজন্য পুলিশের এই কড়া নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :