জমির বিরোধকে কেন্দ্র করে কুপিয়ে জখম করার অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রী রোকশানা আক্তার মায়া আদালতে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, রোকশানা আক্তার মায়া পাশের বাড়ির রমজান আলীর ছেলে আবদুল মমিনের কাছ থেকে ৮.৭৫ শতক জায়গা ক্রয় করেন। জায়গা কেনার পর থেকে আবদুল মমিনের ভাই মো. মহিউদ্দিন (৪৫) বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে গত ২৩ ফেব্রুয়ারি রোকশানাকে একা পেয়ে মহিউদ্দিন ও তার পরিবারের লোকজন ক্রয়কৃত জায়গা ফেরত দিতে গালাগাল করতে থাকে। রোকশানা প্রতিবাদ করলে মহিউদ্দিন ও তার লোকজন ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
এসময় গৃহবধূ রোকশানা বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে রোকশানার বাম হাতের কব্জি কেটে যায়। পরে রোকশানার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে মহিউদ্দিন ও তার লোকজন চলে যায়। স্থানীয় লোকজন আহত গৃহবধূ রোকশানাকে উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। হামলার ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার আদালতে মহিউদ্দিনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে সরজমিন গিয়ে জানা যায়, মহিউদ্দিনের বড় ভাই মমিনের কাছ থেকে প্রবাসীর স্ত্রী রোকশানা আক্তার তিন বছর আগে বসত বাড়ির ৮.৭৫ শতক জায়গা ক্রয় করেন। জায়গা কেনার আগে মহিউদ্দিনকে বারবার জিজ্ঞেস করলেও তিনি জায়গা ক্রয় করতে পারবেন না বলে জানান। পরবর্তীতে জায়গার দলিল রেজিস্ট্রি হয়ে গেলে মহিউদ্দিন জায়গা দাবি করে আদালতে পেনশন মামলা করেন এবং জায়গা ফেরত দেওয়ার জন্য রোকশানাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। এ ব্যাপারে মহিউদ্দিন জায়গা বিক্রির সময় তাকে জানানোর কথা স্বীকার করেন। তিনি বলেন, “তখন আমার কাছে টাকা ছিল না, তাই কিনতে পারিনি।”
স্থানীয় সচেতন মহল বলেন, জায়গা বিক্রির সময় মহিউদ্দিনকে জিজ্ঞেস করলে তখন সে কেনেনি, এখন অহেতুক ঝামেলা করছে। বারবার মহিলাকে হুমকি-ধামকিসহ হামলা করছে। বিষয়টি তদন্ত করে দোষীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।
রোকশানা আক্তার বলেন, “জায়গা কেনার আগে আমি মহিউদ্দিনকে বারবার জিজ্ঞেস করেছি, তিনি তখন কিনতে অপারগতা প্রকাশ করেন। এখন তিনি জায়গা দাবি করেন। আমার স্বামী প্রবাসে থাকায় আসামিরা প্রতিনিয়ত আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছে। ঘটনার দিন আমাকে জানে মেরে ফেলার উদ্দেশ্যে আমার ওপর হামলা করে। আমি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
আপনার মতামত লিখুন :