ট্রাকচাপায় দুই বোনের মৃত্যু: মনোহরগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০৩:৩৭ পিএম

আলম চৌধুরী, সিনিয়র রিপোর্টার: কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারে সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় দুই বোনের মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ পারাপারের দাবিতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে খিলা বাজারের প্রধান সড়কে শত শত মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন। তারা "নিরাপদ সড়ক চাই", "ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে", "আর কোনো প্রাণহানি নয়"—এমন নানা স্লোগান দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, খিলা বাজার একটি অত্যন্ত ব্যস্ত ও জনবহুল এলাকা। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করেন। অথচ দীর্ঘদিন ধরে এখানে কোনো ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং বা গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।

বক্তারা অভিযোগ করেন, বারবার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি দুই বোনের করুণ মৃত্যু এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা বলেন, এই মৃত্যু যেন আরেকটি পরিসংখ্যান হয়ে না থাকে—এটাই সবার দাবি। দ্রুত একটি আধুনিক ও টেকসই ফুটওভার ব্রিজ নির্মাণ, সড়কে স্পিড ব্রেকার স্থাপন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান জানান তারা।

বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান ভুট্টোর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খিলা দারুন নাজাত মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মাস্টার লোকমান হোসেন। বক্তব্য রাখেন খিলা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে জামাল হোসেন, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, মানবাধিকার কর্মী ও সমাজসেবক মাঈনুল হক মজুমদার বাবলু, ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর কর্মকর্তা মাওলানা আব্দুস সোবহান, মানবাধিকার কর্মী মাওলানা আবু তাহের প্রমুখ।

মানববন্ধন শেষে বক্তারা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকাবাসী আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

এলাকাবাসীর একটাই দাবি—খিলা বাজারে অবিলম্বে নিরাপদ পারাপারের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো পরিবারকে এভাবে সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াতে না হয়।

Link copied!