বান্দরবানে পাহাড় কাটার সময় স্কাভেটর জব্দ

মোঃ হাসান , বান্দরবান, জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০২:৫৯ পিএম

বান্দরবান সদর উপজেলার টংকাবতী রেঞ্জ এলাকায় পাহাড় কেটে জায়গা দখলের চেষ্টার সময় একটি স্কাভেটর জব্দ করেছে বন বিভাগ। গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যন্ত্রটি আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বন বিভাগ জানায়, টংকাবতী রেঞ্জের একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার। ঘটনাস্থলে পৌঁছে পাহাড় কাটার কাজে ব্যবহৃত স্কাভেটরটি জব্দ করা হয়। পরে সেটি বান্দরবান সদর রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়।

জানা যায়, অভিযানে সার্বিক দিকনির্দেশনা দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি। তাঁদের সমন্বিত ভূমিকার কারণে অভিযানটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার প্রতিদিনের কাগজকে বলেন, পাহাড় কাটা ও বনভূমি দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বন অপরাধ দমনে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

*[ ] ছবি ক্যাপশন*
টংকাবতী রেঞ্জ এলাকায় পাহাড় কাটার সময় জব্দ করা স্কাভেটর ও ট্রাকের সামনে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। ছবি: প্রতিদিনের কাগজ

Advertisement

Link copied!