কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচন: ৭ পদে আওয়ামী লীগ জয়ী

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০৩:৩৪ পিএম

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের প্রার্থীরা সভাপতিসহ ৪টি পদে নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে সভাপতি হয়েছেন আব্দুল মন্নান, সহসভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শওকত ওসমান এবং সদস্য পদে আজিজুল করিমসহ মোট ৪ জন জয়লাভ করেছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ৬ জন নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতার আহমদ হেলালী, সহসাধারণ সম্পাদক (সার্বিক) জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য শাহজালাল চৌধুরী, নেজামুল হক এবং সদস্য এস এম জসিমসহ মোট ৬ জন নির্বাচিত হয়েছেন।

সবচেয়ে বেশি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল থেকে, যা বর্তমানে নিষিদ্ধ কার্যক্রম হিসেবে উল্লিখিত। এ প্যানেল থেকে সহসাধারণ সম্পাদকসহ মোট ৭ জন জয়ী হয়েছেন। এ প্যানেলের সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে মোহাম্মদ মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র সদস্য জিয়াউদ্দিন আহমেদ ও ইকবালুর রশিদ আমিন, সদস্য পদে পারভিন সুলতানা প্রিয়া ও সেকাব উদ্দিনসহ মোট ৭ জন জয়লাভ করেছেন।

সমিতির মোট ভোটার ছিলেন ৯৪৮ জন। এর মধ্যে কক্সবাজার কেন্দ্রের ভোটার ৮৬১ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৭ জন। মোট ৮৯২ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কক্সবাজার কেন্দ্রে ৮০৬ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৬ জন আইনজীবী ভোট দেন।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারই প্রথম বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত তিনটি প্যানেল আলাদাভাবে নির্বাচনে অংশ নেয়।

জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আহমদ কবির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম রেজাউল করিম, সৈয়দ রাশেদ উদ্দিন ও মোস্তাক আহমদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ আহমদ, নূর আহমদ, আবু ছিদ্দিক ওসমানী, তাপস রক্ষিত, মোহাম্মদ সিরাজউল্লাহ, এ কে ফিরোজ আহমদ ও মোহাম্মদ আরিফ উল্লাহ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার ও চকরিয়া—এ দুটি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শুরু হয় এদিন রাত সোয়া ৯টায় এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় রাত আড়াইটা নাগাদ।

Link copied!