কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০৭:০০ পিএম

ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করেছে। সোমবার ভোরে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর পোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ১০ বিজিবি’র নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ টহল পরিচালিত হয়। সোমবার রাত আনুমানিক ০৩:৫০ ঘটিকায় যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী বলের ডেপা নামক স্থানে অভিযান চালায়।

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় উন্নত মানের মোবাইল ডিসপ্লে এবং কিং কোবরা বাজি উদ্ধার করা হয়।

১০ বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এই বিশাল চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,০৮,৯৪,০০০/- (এক কোটি আট লক্ষ চুরানব্বই হাজার) টাকা।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত এসব অবৈধ ভারতীয় মালামাল প্রচলিত নিয়ম ও বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Link copied!