হোমনায় ভুট্টাক্ষেত থেকে যুবকের জবাই করা মরদেহ উদ্ধার

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৭ পিএম

কুমিল্লার হোমনা পৌরসভার কারারকান্দি ১ নম্বর ওয়ার্ডের কারারকান্দি–বাহেরখোলা সড়কের পাশের একটি ভুট্টাক্ষেত থেকে জবাই করা অবস্থায় শান্ত দাস (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

প্রথমে অজ্ঞাত অবস্থায় থাকলেও পরে পরিবারের সদস্যরা এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। নিহত শান্ত দাস হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি।

নিহতের বাবা জানান, শান্তের চালানো অটোরিকশাটি এখনো পাওয়া যাচ্ছে না। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তাঁকে জবাই করে হত্যা করেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও এমনই ইঙ্গিত পাওয়া গেছে।

হোমনা থানার এক কর্মকর্তা বলেন, “মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

হঠাৎ এমন নির্মম হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী জানান, সন্ধ্যার পর সড়কটি বেশ নির্জন হয়ে পড়ে, যা অপরাধীদের সুযোগ করে দিতে পারে।

একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। খুব দ্রুতই প্রকৃত কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

Advertisement

Link copied!