হোমনায় ভুট্টা ক্ষেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

মো. আতিকুর রহমান ভূইয়া , হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৯ পিএম

কুমিল্লার হোমনা উপজেলার কারারকান্দি–বাহেরখোলা সড়কের পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে শান্ত দাস (১৬) নামে এক কিশোর অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহত শান্ত দাস হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুন চন্দ্র দাসের ছেলে। পরিবারের সদস্যরা জানান, কিস্তিতে কেনা অটোরিকশাটি চালিয়ে সংসারের খরচে সহায়তা করতেন শান্ত। বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো ঘর থেকে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বহুবার ফোন করেও তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন।

পরে ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। শান্ত দাসের ব্যবহৃত অটোরিকশাটিও এখনো খুঁজে পাওয়া যায়নি।

হোমনা থানার নবাগত ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—শান্তকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনার বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

Advertisement

Link copied!