রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন: ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের কার্যালয় থেকে হাফিজ ইব্রাহিমের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে প্রতিনিধি দল হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, মো. আকবর মিয়া, কাজী ইকবাল এবং বশির উদ্দিন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ভোলা-২ আসনের বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “ভোলা-২ আসনের জনগণ আমাদের আস্থা ও বিশ্বাসের প্রধান জায়গা। অতীতের প্রতিটি সুষ্ঠু নির্বাচনে এই এলাকার মানুষ ধানের শীষ ও হাফিজ ইব্রাহিমের পাশে ছিল। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, এবারও জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সঠিক রায় প্রদান করবে।”
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সরোয়ার আলম খান আরও বলেন, “আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ২০০১ সালের ঐতিহাসিক নির্বাচনে এই জনপদের তৎকালীন হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদকে বিপুল ভোটে পরাজিত করে হাফিজ ইব্রাহিম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে, তারা কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকে ভয় পায় না। আমাদের নেতা হাফিজ ইব্রাহিমকে দমিয়ে রাখার সাধ্য কারো নেই।”
মনোনয়ন ফরম সংগ্রহের সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, সাবেক কমিশনার ফাইজুল, আলী আকবর পিন্টুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র সংগ্রহের খবরে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :