বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রাজপুত্র সাচিং প্রু জেরী

মোঃ হাসান , বান্দরবান, জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ পিএম

বান্দরবানের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে তাঁকেই বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে।

আজ দুপুর দুইটার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রাজপুত্র সাচিং প্রু জেরীকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

চূড়ান্ত মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই বান্দরবান জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন (ইসি)-এর নির্ধারিত শর্ত ও বিধিনিষেধ মেনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।

দলীয় নেতাকর্মীরা জানান, রাজপুত্র সাচিং প্রু জেরী দীর্ঘদিন ধরে পাহাড়ি জনপদের মানুষের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে বান্দরবান জেলা বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাহাড়ি জনগোষ্ঠীসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে রাজপুত্র সাচিং প্রু জেরীর গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আরও উত্তপ্ত ও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় রাজপুত্র সাচিং প্রু জেরী কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বান্দরবানের মানুষের ন্যায়বিচার, উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ও গণতান্ত্রিক বান্দরবান গড়ে তুলতে চাই।

Advertisement

Link copied!