সিরাজগঞ্জ-৫ আসনে হাতপাখার প্রার্থীর ভোট প্রার্থনা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৮ পিএম

মাহমুদুল হাসান, চৌহালী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখার আয়োজনে চৌহালীতে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌহালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী এনায়েতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আলহাজ্ব নুরুন নাবী।

জনসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সামাদ, বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম এবং এনায়েতপুর থানা শাখার সভাপতি মুফতী আলমগীর হোসাইন। আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালী শাখার সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, প্রচার সম্পাদক হাফেজ মো. মোকলেসুর রহমান সিরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সোহায়েল আহম্মেদ, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আবু দাউদ, খাষকাউলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোল্লা ওমর আলী, শ্রমিক আন্দোলন সভাপতি আলহাজ্ব ছালাম উদ্দিন, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু তাহের, ইসলামী আন্দোলন বাঘুটিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মো. মির্জা সিরাজুল আলম এবং মুজাহিদ কমিটির সদর আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখা সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. বেলাল হোসেন সিরাজীর পরিচালনায় জনসভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী আলহাজ্ব নুরুন নাবী একটি ইনসাফভিত্তিক সমাজ, শরিয়াহ ভিত্তিক আইন বাস্তবায়ন ও রাষ্ট্র গঠনে ইসলামী নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি হাতপাখা প্রতীকে ভোট চেয়ে নেতার সালাম-দাওয়াত, দোয়া ও ভালোবাসা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলেন। জনগণের অধিকার আদায় এবং দেশের ক্রান্তিলগ্নে দায়িত্বশীলদের সাহসিকতার সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন যেখানে প্রতিটি নাগরিকের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত হবে। দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৈতিকতা ও সততার আদর্শে বলীয়ান হওয়ার আহ্বান জানিয়ে তিনি (চৌহালী বেলকুচি এনায়েতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণে তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে হাতপাখার বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। বক্তারা সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিকেলে হাতপাখার পক্ষে একটি নির্বাচনী শোডাউনও অনুষ্ঠিত হয়।

Advertisement

Link copied!