নড়িয়া-সখিপুরে সফিকুর রহমান কিরণের বাস্তবায়নযোগ্য পরিকল্পনা

এম এ জব্বার , নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০৮ পিএম

ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে নড়িয়া ও সখিপুরবাসীর জন্য বাস্তবায়নযোগ্য একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপির প্রার্থী সফিকুর রহমান কিরণ।

সোমবার ৯ ফেব্রুয়ারি রাতে সফিকুর রহমান কিরণ তাঁর নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। উদ্যোক্তা তৈরির পাশাপাশি নড়িয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, নড়িয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং দীর্ঘদিন অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সখিপুরের বালাবাজারে নিজ অর্থায়নে একটি পলিটেকনিক ইনস্টিটিউট ও একটি মেরিন একাডেমি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার আশ্বাস দেন তিনি। এছাড়া নড়িয়া ও সখিপুরের ২৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৪টি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে নারী ও পুরুষদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথা জানান।

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে পদ্মা সেতু ও রেল সংযোগ আলুবাজার ফেরিঘাট পর্যন্ত সম্প্রসারণ, নড়িয়া ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন, নওপাড়া–চরাত্রা–কাচিকাটা সড়ক নেটওয়ার্ক নির্মাণ এবং বালার বাজার ট্রলার ঘাটে নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

স্বাস্থ্যখাতে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুনরায় চালু করে ১০০ শয্যায় উন্নীত করা, দক্ষিণ তারাবুনিয়ায় হাসপাতাল স্থাপন, গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ প্রসব ব্যবস্থা ও প্রশিক্ষিত মিডওয়াইফ নিয়োগ এবং একটি আধুনিক নার্সিং কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

এছাড়াও পদ্মা নদীর ডান তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সখিপুরকে উপজেলা হিসেবে বাস্তবায়ন, নড়িয়া-সখিপুরে কন্টেইনার হ্যান্ডেলিং টার্মিনাল ও রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিয়াল জোন গঠনের কথাও উল্লেখ করেন।

কৃষি ও মৎস্য খাতে কৃষকদের জন্য প্রশিক্ষণ, ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ নির্মাণ এবং জেলেদের জীবিকা উন্নয়নে সরকারি-বেসরকারি সহায়তার আশ্বাস দেন তিনি।

সামাজিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকবেন। মাদক নির্মূলে প্রশাসন ও সমাজের সমন্বয়ে কাজ করা, নড়িয়া-সখিপুরে একটি স্টেডিয়াম নির্মাণ, অবৈধ জমি দখল বন্ধ, অভিযোগ জানানোর জন্য মনিটরিং ব্যবস্থা চালু এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সভা শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট ও সমর্থন কামনা করেন এবং নির্বাচিত হলে নড়িয়া-সখিপুরবাসীর অধিকার আদায়ে জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Link copied!