বরিশালে চাঁদাবাজি চলবে না: মজিবুর রহমান সরোয়ার

রিয়াজ শরীফ , বরিশাল জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৯ পিএম

বরিশাল মহানগর বিএনপির ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান সরোয়ার একটি ওঠান বৈঠকে বলেছেন, বরিশালে কোনো চাঁদাবাজি চলবে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। তিনি বরিশাল মহানগরীর ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের নেতাকর্মীদের আয়োজনে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

রবিবার সন্ধ্যা সাতটায় রুপাতলীর হাজী পাম্পের পাশে অনুষ্ঠিত এই সভায় মজিবুর রহমান সরোয়ার বরিশালবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তাঁকে বিজয়ী করার অনুরোধ জানান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমি বরিশালবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম। বরিশালবাসী এবং আমার কোনো নেতাকর্মী দ্বারা সাধারণ জনগণের কোনো ক্ষতি যাতে না হয়, সে দিকে সকল নেতাকর্মীকে খেয়াল রাখতে হবে।”

সরোয়ার দৃঢ় কণ্ঠে বলেন, “চাঁদাবাজি, জমি দখল বরিশাল শহরে চলবে না। কেউ যদি মনে মনে চিন্তা করে বরিশাল আসনে ধানের শীষ বিজয়ী হলে, দলের নাম ভাঙিয়ে শহরে চাঁদাবাজি করবে, সেটা হতে দেব না। চাঁদাবাজির বিরুদ্ধে আমার কঠোর অ্যাকশন চলমান থাকবে। চাঁদাবাজির ঠাঁই আমার কাছে হবে না।”

এ সময় বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান দোলন তাঁর বক্তব্যে বলেন, দলের মধ্যে কিছু গুপ্ত ব্যক্তি আছে যারা দলের ক্ষতি করতে চায়, এরা ব্যক্তিকে ভালোবাসে, দলকে ভালোবাসে না।

সভায় বরিশাল মহানগর বিএনপির সিনিয়র নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মী এবং ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!