নারায়ণগঞ্জের বন্দরে মায়ের বকা খেয়ে মার্জিয়া (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে উপজেলার নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ কদম রসুল মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মার্জিয়া শরীয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর খাঁ বাড়ি এলাকার মো. সাত্তারের মেয়ে। তারা বর্তমানে কদম রসুল মাজার সংলগ্ন আলমগীরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়ালেখা নিয়ে অবহেলা করায় মা জাহানারা বেগম মার্জিয়াকে বকাঝকা করেন। এতে মনের ক্ষোভে ও অভিমানে শুক্রবার রাত ৩টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :