উল্লাপাড়ায় ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চালু

মোঃ আল আমিন হোসেন , উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০৮:৩৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চালু হওয়ায় স্থানীয় মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট, অতিরিক্ত মূল্য আদায় এবং অনিয়মিত সরবরাহের কারণে এই এলাকার মানুষ চরম ভোগান্তিতে ছিলেন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাওয়া ছিল অনিশ্চিত।

তবে বর্তমানে ফুয়েল কার্ড পদ্ধতি চালুর ফলে সেই পরিস্থিতির পরিবর্তন এসেছে। এখন নির্ধারিত মূল্যে সহজেই জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা, যা তাদের দৈনন্দিন কাজে গতি ও স্বস্তি এনে দিয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ জানান, সরকারিভাবে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার কার্ড প্রদান করা হয়েছে।

স্থানীয় মোটরসাইকেল চালকরা জানান, আগে লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যেত না, আর পেলেও বেশি দামে কিনতে হতো। এখন ফুয়েল কার্ড থাকায় নির্ধারিত পরিমাণ তেল সহজেই পাওয়া যাচ্ছে।

সব মিলিয়ে বলা যায়, ফুয়েল কার্ড পদ্ধতি চালুর ফলে উল্লাপাড়ায় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমেছে।

Link copied!