নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া বিপুল পরিমাণ মালামাল ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। তিনি বলেন, গত ২৬ মে রাতে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল উপকেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা দায়িত্বরত চারজন নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকার বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে নাটোরসহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৫০টি ব্যাটারি সেল, একটি ট্রাক, ১০টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুইজন এই ডাকাতির মূল পরিকল্পনাকারী, যারা কারাগারে বসেই পুরো ঘটনাটি পরিকল্পনা করে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :