কুড়িগ্রাম জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আশিকুর সরকার(রাব্বি) , রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

কুড়িগ্রাম জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সকল আদেশ ও নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। তিনি পুলিশ সদস্যদের সম্পূর্ণ সততা, সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ।

Advertisement

Link copied!