ফেসবুক লাইভে এসে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা পি এম ফারুক, তুষার, জাহিদ এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী শিপনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও গুজব ছড়ানোর প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩রা এপ্রিল, ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. হানিফ ও নওশাদ হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, সহ-সাংগঠনিক মো. আজাদ, ছাত্রদল নেতা পিএম ফারুক, তুষার, জাহিদ এবং গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী শিপন ও দৌলতদিয়া ইউপি ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২রা মার্চ বিকেলে, ওই লাইভকারী ফেসবুক লাইভে এসে দাবি করেন, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা পিএম ফারুকের বানানো ভেজাল মদ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছাত্রদল নেতা তুষার, জাহিদ এবং গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী শিপন।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা পিএম ফারুক দাবি করেন, একজন ব্যক্তি একটি অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে গত ২রা এপ্রিল, ২০২৬ বিকেলে ফেসবুক লাইভে এসে কিছু মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। যা দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদল তথা আমার জন্য সম্মানহানিকর এবং সম্পূর্ণ বেআইনি। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে তিনি বলেন, তিনি খুব শিগগিরই ফেসবুক লাইভকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, এই অপপ্রচারকারী ব্যক্তিটি নিয়মিত রাজবাড়ী, গোয়ালন্দ ও দৌলতদিয়ার একাধিক রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে থাকেন, যা নতুন নয়। তিনি কোনোভাবেই এমন অনৈতিক কাজের সাথে যুক্ত নন।
ছাত্রদল নেতা তুষার বলেন, ফেসবুক লাইভকারী ফেসবুক লাইভে এসে বলেছেন, তিনি নাকি মদ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ২৩শে মার্চ হাসপাতালে গিয়েছিলেন বটে, তাও আবার মাত্র তিন ঘণ্টার জন্য। কিন্তু ভর্তি হননি। লাইভকারী যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও গুজব, যা কোনোভাবেই সঠিক নয়। উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী শিপন বলেন, মদ খাওয়া তো দূরের কথা, তিনি এই ঘটনার কিছুই জানেন না। অথচ তাঁর বিরুদ্ধে এসব গুজব ছড়ানো হচ্ছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আপনার মতামত লিখুন :