কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ০৮:৩২ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষকদের জন্য সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১,৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে এই সহায়তা প্রদান করা হবে।

শুক্রবার (৩ এপ্রিল, ২০২৬) সকাল সাড়ে ১০টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি (সাদা সার) এবং ১০ কেজি এমওপি (লাল সার) প্রদান করা হবে।

সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির মাধ্যমে কুলিয়ারচর উপজেলার মোট ১,৮০০ কৃষক-কৃষাণী সরাসরি উপকৃত হবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার কৃষকদের পাশে থেকে উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের জন্য এই ধরনের প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

Advertisement

Link copied!