উল্লাপাড়ায় ‘জেন জি আলোড়ন-পরিবর্তনের ডাক’ সামাজিক সংগঠনের উদ্বোধন

মোঃ আল আমিন হোসেন , উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ০৮:৩০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুলে "জেন জি আলোড়ন-পরিবর্তনের ডাক" নামে একটি নতুন সামাজিক সংগঠনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুন হোসেন। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে—আইনের প্রতি শ্রদ্ধাশীল সমাজ গঠন, মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি, চাঁদাবাজি প্রতিরোধ, অসামাজিক কার্যক্রম বন্ধ করা, অরাজনৈতিক ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখা, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, স্বেচ্ছায় রক্তদান এবং সার্বিক সমাজসেবা কার্যক্রম পরিচালনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আমবিয়া, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন, সলঙ্গা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান আমজাদ, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি আল আমিন তালুকদার, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন এবং সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মের উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সবাইকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে একটি সুন্দর, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

Advertisement

Link copied!