মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কেশবপুরে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ পিএম

যশোরের কেশবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

গত ১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছিয়া বাজার সংলগ্ন ভেরচি পুলিশ ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। ভেরচি পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাপস কুমার আঢ্য ও তাঁর সঙ্গীয় ফোর্স অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া আরও দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়; মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, "বর্তমান তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে প্রশাসন বদ্ধপরিকর। জনস্বার্থে এবং নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"

স্থানীয়রা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেশবপুর উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Link copied!