তারাকান্দায় বহু প্রতীক্ষিত সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন, স্বস্তি ভুক্তভোগীদের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে অবশেষে শুরু হয়েছে তারাকান্দা-ধোবাউরা সড়কের পুনঃনির্মাণ কাজ। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার ডৌহাতলী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

তারাকান্দা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সড়কের প্রায় ৪ কিলোমিটার অংশ পুনঃনির্মাণ কাজ বাস্তবায়ন করবে মেসার্স সাইফুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা এবং আগামী ৩০ জুন ২০২৬ এর মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মোতাহার হোসেন তালুকদার বলেন, "এই সড়কটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ভোগান্তির কারণ ছিল। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় তদবির করেছি। অবশেষে কাজটি শুরু হওয়ায় আমি আনন্দিত। তিন ধাপে তারাকান্দা থেকে ধোবাউরা পর্যন্ত পুরো সড়ক পুনঃনির্মাণ করা হবে, যার প্রথম ধাপ আজ শুরু হলো।"

এদিকে স্থানীয় ভুক্তভোগীরা সড়কটির দ্রুত সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। নয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, "বছরের পর বছর এই রাস্তার কারণে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্ষা মৌসুমে কাদা আর পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। এখন কাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি।"

বুশাবাজারের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, "এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষ চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ত। দ্রুত কাজ শেষ হলে এলাকার মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। স্থানীয়দের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হলে এ সড়কটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে এবং জনদুর্ভোগের অবসান ঘটাবে।

Advertisement

Link copied!