কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক, মানব পাচার, ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মো. সুমন মিয়া (৪১) ও রীপন মিয়া (২৪) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া মানব পাচার মামলার মো. আনোয়ার (৪৫), আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আকাশ (২৪) ও অন্য মামলায় আরও এক আসামিকে আটক করা হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারসহ অভিযান পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার আজহার, এসআই কবির, এসআই আমিরুল বাহার, এসআই মঞ্জুরুল, এএসআই আব্দুল লতিফ, এএসআই রেজাউল, এএসআই মাহবুব, এএসআই কায়সার ও এএসআই লুৎফর এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :