কুড়িগ্রামের উন্নয়নে সব ত্যাগে প্রস্তুত ডা. আতিক মুজাহিদ

আশিকুর সরকার(রাব্বি) , রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫২ পিএম

২৬ কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সম্প্রতি ঢাকা হয়ে তিস্তা দিয়ে চায়না বাজারে পৌঁছালে ১১ দলীয় জোট এবং এনসিপি (NCP)-এর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে এই উষ্ণ অভ্যর্থনা জানান।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় তিস্তা হয়ে চায়না বাজারে প্রবেশের সময় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরা নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং শত শত নেতাকর্মী তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান।

এ সময় চায়নাবাজারে সাধারণ জনগণের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ডা. আতিক মুজাহিদ। কুড়িগ্রামের অবহেলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, "কুড়িগ্রামের মানুষের কল্যাণে আমি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমার লক্ষ্য এই জনপদের উন্নয়ন। দারিদ্র্যপীড়িত কুড়িগ্রামকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করতে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।" তিনি কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে নানাবিধ প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সর্বদা সচেষ্ট থাকার আশ্বাস দেন।

এ সময় প্রশাসনিক ও দলীয় মতবিনিময় পথসভা শেষে বিশাল এক গাড়িবহর নিয়ে ডা. আতিক মুজাহিদ কুড়িগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হন। জেলা শহরে পৌঁছে তিনি কুড়িগ্রাম সদর প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দিনশেষে সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ইফতার মাহফিলে অংশ নেন।

Advertisement

Link copied!