মধ্যরাতে মোবাইল কোর্ট অভিযানে কালুখালীতে গাঁজাসহ আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২৯ পিএম

রাজবাড়ীর কালুখালীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে মধ্যরাতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রয় ও সেবনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টে দণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টা ২৫ মিনিটে উপজেলার বাংলাদেশ হাট মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা বিক্রয় ও সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে একজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের পরম আলী বিশ্বাসের ছেলে মো. রাজা বিশ্বাস (৪৫)।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ্ উদ্দিন। তাৎক্ষণিক পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্তের কাছ থেকে ৩ পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের যন্ত্র এবং বেশ কিছু তামাক পাতা জব্দ করা হয়।

মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁকে ৮,০০০/- (আট হাজার) টাকা অর্থদণ্ড এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়েছে।

পরবর্তীতে সাজা পরোয়ানামূলে তাঁকে জেল হাজতে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট সামগ্রী কোর্টের সম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে কালুখালী থানা পুলিশের একটি চৌকশ দল ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

Link copied!